লক্ষ্মীপুরে তিনটি গ্রামের ১ হাজার ২৫১টি পরিবারকে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। উপকারভোগী গ্রামগুলো হলো মগনা, পুকুরদিয়া ও চর মটুয়া।
শনিবার (১৬ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক মাহবুবুর রহমান।
এদিন প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর থেকে একযোগে দেশের ২০টি জেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন।
এর ধারাবাহিকতায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তির হাট অ্যানী চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এছাড়াও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন সাবু, জেলা প্রশাসক এস.এ মেহেদী হাসান, পুলিশ সুপার আবু তারেক, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ ও সাধারণ সম্পাদক শাহ মো. এমরানসহ আরও অনেকে।

