লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১,২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং নগদ ৪ লাখ ৩২ হাজার ৮০০ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের আটক করতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হন।
মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত ১২টার দিকে চরপাতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাটোয়ারীর গলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— চরপাতা গ্রামের মনির উদ্দিন বেপারী বাড়ির মমতাজের ছেলে পলাশ (২৬), রায়পুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আইডন বাড়ির মৃত লোকমানের ছেলে মেহেদী হাসান রবিন (২২) এবং ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের আউয়াল মুন্সি বাড়ির মৃত ছানা উল্যার ছেলে চান মিয়া (৩৮)। তাদের মধ্যে চান মিয়ার বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাটোয়ারীর গলি এলাকায় পলাশসহ তিনজন মাদক বিক্রির সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ধস্তাধস্তিতে দুই পুলিশ সদস্য আহত হন। পরে তাদের দেহ তল্লাশি করে ১,২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৪ লাখ ৩২ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ তাদের রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।


