বাংলাদেশে সরকার যেভাবে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ করছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর উদ্বেগ জানিয়ে বলেছে, গণতন্ত্রের জন্য গণমাধ্যমকর্মীসহ সবার বাক্স্বাধীনতার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ উপাদান, বিশেষ করে (বাংলাদেশে) নির্বাচনের বছরে।
শনিবার (১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেইজে প্রকাশিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
আরও পড়ুন- রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা
এর আগে, বৃহস্পতিবার (৩০ মার্চ) আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র দফতরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশ সরকারের ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে আমরা আগের মতোই গভীরভাবে উদ্বিগ্ন। একটি দেশের গণতন্ত্রের জন্য গণমাধ্যমসহ সবার বাক্স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিশেষ করে নির্বাচনের মতো বছরে। দায়িত্ব পালনের জন্য কোনো গণমাধ্যমকর্মীকে হুমকি, হেনস্তা, শারীরিকভাবে আক্রমণ বা গ্রেফতার করা উচিত না।
স্টেট ডিপার্টমেন্টের উপ-প্রধান মুখপাত্র বলেন, আমরা (বাংলাদেশ) সরকারের ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের সদস্যসহ (সবার জন্য) গণতন্ত্রের একটি অপরিহার্য উপাদান। নির্বাচনের বছরে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
বেদান্ত প্যাটেল বলেন, সংবাদপত্রের কোনও সদস্যকে তাদের কাজ করার জন্য হুমকি দেওয়া, হয়রানি করা; শারীরিকভাবে আক্রমণ করা বা গ্রেপ্তার করা উচিত নয়।





