জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ কাল মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে দুদিনের সরকারি সফরে নিজ জেলা লক্ষ্মীপুরে যাচ্ছেন। সফরকালে তিনি স্থানীয় একাধিক কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্প্রতি জারি করা সরকারি সফরসূচি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সফরসূচি অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় ঢাকা থেকে সড়কপথে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হবেন উপদেষ্টা। দুপুর ১২টায় সার্কিট হাউজে পৌঁছানোর পর বিকেল সাড়ে তিনটায় তিনি রামগতি ও কমলনগর উপজেলার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে স্থানীয় কর্মসূচিতে যোগ দেওয়ার পর কমলনগর, রামগতির বিভিন্ন পূজামণ্ডপ এবং রাতে লক্ষ্মীপুর সদরের মণ্ডপ পরিদর্শন করবেন তিনি।
পরদিন ২১ অক্টোবর বুধবার তিনি লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে নির্ধারিত দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেবেন। সফর শেষে ২২ অক্টোবর বৃহস্পতিবার সকালে সার্কিট হাউজ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
উপদেষ্টার নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে। উপসচিব তারিক হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এই সফরের তথ্য ও নির্দেশনা জারির কথা জানানো হয়।


