লক্ষ্মীপুর সদর উপজেলায় পাঁচটি পরিবারের চলাচলের একমাত্র রাস্তায় কাঁটাতারের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে মো. ইদ্রিস নামের এক প্রবাসীর বিরুদ্ধে। এতে রাস্তাটি ব্যবহারকারী পরিবারগুলো চরম ভোগান্তিতে পড়েছে।
ঘটনাটি ঘটেছে সদর উপজেলার একটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিন মেম্বার বাড়ি এলাকায়। ভুক্তভোগীদের অভিযোগ, গত ১২ মে দুপুরে বহিরাগত লোকজন এনে রাস্তাটির মাঝখানে কাঁটাতারের বেড়া দেওয়া হয়।
রাস্তাটি ব্যবহারকারী ওবাইদুল্লাহ, কামাল হোসেন, আলাউদ্দিন মেম্বার ও আবুল কাশেমসহ একাধিক ব্যক্তি জানান, প্রায় ১০ বছর ধরে এই পথ দিয়ে স্থানীয়রা নিয়মিত চলাচল করে আসছেন। সম্প্রতি প্রবাসফেরত ইদ্রিস তার জমির দাবি তুলে কাঁটাতারের বেড়া দিয়ে রাস্তাটি সংকুচিত করে ফেলেছেন।
তাদের অভিযোগ, বর্তমানে এই পথে কোনো রিকশা চলাচল করতে পারছে না। এমনকি জরুরি পরিস্থিতিতে, যেমন কোনো মৃতদেহ বহন করার ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হচ্ছে। দ্রুত কাঁটাতারের বেড়া অপসারণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো. ইদ্রিস বলেন, “এ জমি আমার কেনা সম্পত্তি। আগে তাদের সঙ্গে সুসম্পর্ক ছিল, এখন নেই। তাই আমার জমিতে আমি কাঁটাতারের বেড়া দিয়েছি।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।


