নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য আসাদুজ্জামান নুরের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান। এরআগে গতকাল সন্ধ্যায় তাকে শহরের শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, কৃষক সিদ্দিক আলী ২০১৩ সালের ১৪ ডিসেম্বরে বাড়ির অদূরে রামগঞ্জহাট বাজারে খরচ করতে যান। ওই সময় আওয়ামী লীগের ওই আসামিরা এলাকার বিএনপি নেতা গোলাম রব্বানীর বাড়িতে হামলা চালায় এবং এলাকার মানুষজনের ওপর এলোপাথাড়ি মারধর করে। পরে কৃষক সিদ্দিক আলী রাস্তায় লুটিয়ে পড়লে সাবেক সংসদ সদস্য মামলার প্রধান আসামি আসাদুজ্জামান নুরকে বহনকারী গাড়ি দিয়ে কৃষক সিদ্দিক আলীকে চাপা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে। মামলায় বলা হয়, ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় নিহত কৃষক সিদ্দিক আলীর হত্যা মামলা দায়ের করতে পারেননি বাদী।
২০২৪ সালের জুলাই আন্দোলনের পেক্ষাপটের পর সুযোগ সৃষ্টি হওয়ায় নিহতের ছেলে মামলাটি দায়ের করেন। সেই মামলায় তরিকুল ইসলাম এজাহারনামীয় আসামি।
এবিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঢাকা পোস্টকে বলেন, গতকাল সিদ্দিক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

