নোয়াখালীর বেগমগঞ্জে অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী তন্ময় কুরী (১৬) নিহতের ঘটনায় অভিযুক্ত চালক মো. নাজমুল (২০)-কে গ্রেফতার করেছে র্যাব-১১।
রোববার (১৮ মে) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার চন্দ্রগঞ্জ কলেজ গেইট সংলগ্ন জামাল স্টোরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজমুল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
র্যাব-১১ নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলের কমান্ডার মো. মুহিত কবীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ৬ মে সকাল ১১টা ৫০ মিনিটে নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের গেটের সামনে তন্ময় কুরী ও তার এক সহপাঠী রাস্তা পার হওয়ার সময় একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা দ্রুত ও বেপরোয়া গতিতে এসে তাদের ধাক্কা দেয়।
এতে তারা দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তন্ময়কে নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় তন্ময়ের বাবা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত নাজমুলকে আইনগত প্রক্রিয়া শেষে বেগমগঞ্জ থানার কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।


