সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা এলাকায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে প্রায় ১১ কিলোমিটার সড়ক সংস্কার করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এর হাজীগঞ্জ থেকে আক্তার মিয়ার হাট পর্যন্ত সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়। পরে দিনব্যাপী নেতাকর্মীদের অংশগ্রহণে ইট, রাবিশ ও বালি বিছিয়ে সড়কটি চলাচলের উপযোগী করে তোলা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে গর্তগুলোতে পানি জমে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এতে অটোরিকশা, টমটমসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। ঈদকে সামনে রেখে এ উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সংস্কার কাজে সহযোগিতা করা মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আজাদ বলেন, “নাছির উদ্দিন নাছির এ ইউনিয়নের গর্ব। কেন্দ্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি তিনি এলাকায় উন্নয়নমূলক কাজ করে মানুষের আস্থা অর্জন করছেন।”
সুবর্ণচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল উদ্দিন বলেন, “এই সড়ক দিয়ে চলাচলে দীর্ঘদিন ধরে মানুষ দুর্ভোগ পোহাচ্ছিল। আমরা বিষয়টি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরকে জানালে তিনি দ্রুত নিজ অর্থায়নে সংস্কার কাজ শুরু করেন।”
মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক চেয়ারম্যান খায়রুল আলম সেলিম বলেন, “জনদুর্ভোগ লাঘবে নাছিরের এই উদ্যোগ প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক।”
এ বিষয়ে নাছির উদ্দিন নাছির বলেন, “এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ, বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা চলাচল করে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে সাধারণ মানুষের স্বার্থে নিজ উদ্যোগে সড়কটি সংস্কার করা হয়েছে। এতে মানুষের চলাচলে কিছুটা হলেও স্বস্তি আসবে।”
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত স্থায়ীভাবে সড়কটির উন্নয়ন করবে, যাতে ভবিষ্যতে আর ভোগান্তিতে পড়তে না হয়।


