লক্ষ্মীপুর জেলায় বর্তমানে চলছে বোরো ধান কাটার ব্যস্ত মৌসুম। জেলার বিভিন্ন এলাকা, বিশেষ করে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষকেরা দিন-রাত পরিশ্রম করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি মৌসুমে ধানের ফলন তুলনামূলকভাবে ভালো হলেও হঠাৎ হঠাৎ বৃষ্টি ধান কাটার কাজে বড় ধরনের ভোগান্তি সৃষ্টি করছে। অনেক স্থানে কাটা ধান মাঠে পড়ে থাকায় নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
কৃষকদের অভিযোগ, এ বছর ধান চাষে উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জমি চাষ, সার, কীটনাশক, সেচ এবং শ্রমিকের মজুরি আগের তুলনায় বেশি। পাশাপাশি জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সেচ ও কৃষিযন্ত্র চালাতেও অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে।
শ্রমিক সংকটের কারণে অনেক এলাকায় বেশি মজুরি দিয়েও সময়মতো শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে জানান কৃষকেরা।
তারা আরও বলেন, এত খরচ করে ধান উৎপাদন করলেও বাজারে ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না। ফলে ধান বিক্রি করে উৎপাদন খরচই তুলতে হিমশিম খেতে হচ্ছে, এতে অনেক কৃষকের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
তবে কৃষকেরা আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই ধান কাটার কাজ সম্পন্ন করা সম্ভব হবে।
এদিকে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের আবহাওয়ার পূর্বাভাস দেখে দ্রুত ধান কাটার কাজ শেষ করার এবং কাটা ধান নিরাপদ স্থানে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

