লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক এডিপি ও রাজস্ব খাতের চলমান কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন। শনিবার তিনি সরেজমিনে গিয়ে এসব কাজের অগ্রগতি ও মান যাচাই করেন।
পরিদর্শনকালে পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন ১৪নং ওয়ার্ডস্থ সেরাজুল হক মেস্তরীবাড়ি সড়ক এবং মোহাম্মদুল্লাহ এমপি সংযোগ সড়কসহ মোট ৬শ’ ৯১ মিটার রাস্তার সলিং ও বিভিন্ন ঢালাই কাজ পরিদর্শন করেন। এছাড়াও পৌরসভার আওতাধীন আরও কয়েকটি উন্নয়ন কাজ ঘুরে দেখেন তিনি।
এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী প্রকৌশলী জুয়েল এবং সহকারী প্রকৌশলী ইশাকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শন শেষে কাজের মান সন্তোষজনক হওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদারকে ধন্যবাদ জানান পৌর প্রশাসক। তিনি বলেন, “পৌরসভার উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। জনগণের টাকায় পরিচালিত এসব প্রকল্পে মানসম্মত কাজ নিশ্চিত করতে আমরা নিয়মিত তদারকি করছি।”
তিনি আরও বলেন, “লক্ষ্মীপুর পৌরসভাকে একটি আধুনিক ও বাসযোগ্য শহরে পরিণত করতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সকল উন্নয়ন কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।”
এদিকে দীর্ঘদিন ধরে কাঁচা থাকা এসব সড়ক সলিং এবং পাকা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে রাস্তা কাঁচা থাকায় বর্ষা মৌসুমে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। কাদা ও পানির কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের যাতায়াত খুবই কষ্টকর হয়ে পড়ত।
স্থানীয় বাসিন্দা আবুল কাশেম বলেন, “এই রাস্তা আগে পুরোটা কাঁচা ছিল। বৃষ্টি হলেই হাঁটা যেত না। এখন রাস্তা সলিং ও ঢালাই হওয়ায় আমরা খুবই উপকৃত হয়েছি।”
আরেক বাসিন্দা রহিমা বেগম বলেন, “এতদিন আমাদের এলাকার মানুষ অনেক কষ্ট করেছে। এখন রাস্তা ভালো হওয়ায় বাজারে যাওয়া, বাচ্চাদের স্কুলে নেওয়া—সবকিছু সহজ হয়ে গেছে।”
এলাকাবাসী কাওছার আহাম্মেদ জানান, এই ধরনের উন্নয়ন কাজ অব্যাহত থাকলে পুরো পৌরসভার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ হবে।
স্থানীয়দের আশা, পৌর প্রশাসনের এ ধরনের নিয়মিত তদারকি থাকলে ভবিষ্যতেও উন্নয়ন কাজের মান বজায় থাকবে এবং এলাকার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।


