লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এবং তাঁর স্ত্রী চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চাঁদপুরের উপসহকারী পরিচালক কামরুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।
দুদক সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে গত ২০২৪ সালের ৪ নভেম্বর একটি অনুসন্ধান দল গঠন করা হয়। দীর্ঘ অনুসন্ধান শেষে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়।
দুদকের অনুসন্ধানে নুর উদ্দিন চৌধুরীর স্ত্রী চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনার নামে ১ কোটি ৩৭ লাখ ৮০ হাজার ৮০০ টাকার স্থাবর সম্পদ এবং ২৪ লাখ ৬৬ হাজার ৪০ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। সব মিলিয়ে তাঁর নামে ১ কোটি ৬২ লাখ ৪৬ হাজার ৮৪০ টাকার সম্পদ রয়েছে। এ ছাড়া পারিবারিক ও অন্যান্য ব্যয় বাবদ তাঁর ২০ লাখ ৪ হাজার ৭৪৯ টাকার তথ্য পাওয়া যায়। সব মিলিয়ে সম্পদ ও ব্যয়সহ মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৮২ লাখ ৫১ হাজার ৫৮৯ টাকা।
দুদকের অভিযোগে বলা হয়েছে, এসব সম্পদ অর্জনের বিপরীতে লুবনার নামে কোনো গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায়নি। অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে যে সম্পদগুলো তাঁর স্বামী নয়নের অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে গড়ে তোলা হয়েছে এবং তিনি স্বামীর পক্ষে এসব সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখলে রেখেছেন।
অন্যদিকে, সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের নিজ নামে ৩৩ লাখ ১৪ হাজার ১৩১ টাকার স্থাবর সম্পদ এবং ১ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ১৯৪ টাকার অস্থাবর সম্পদের তথ্য পায় দুদক। সব মিলিয়ে তাঁর নামে ১ কোটি ৫৮ লাখ ১০ হাজার ৩২৫ টাকার সম্পদ রয়েছে। পাশাপাশি পারিবারিক ও অন্যান্য ব্যয় বাবদ তাঁর ১ কোটি ১৫ লাখ ৫৭ হাজার ২৫৪ টাকার হিসাব পাওয়া যায়।
দুদকের হিসাব অনুযায়ী, সম্পদ ও ব্যয়সহ নয়নের মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার ৫৭৯ টাকা। এর বিপরীতে দায়-ঋণসহ বিভিন্ন খাত থেকে তাঁর গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১ কোটি ৯৩ লাখ ৬৭ হাজার ৯৩৭ টাকা। ফলে তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ দাঁড়ায় ৭৯ লাখ ৯৯ হাজার ৬৪২ টাকা।
দুদক জানায়, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এসব সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন নয়ন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে। আর তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার বিবরণে আরও উল্লেখ করা হয়েছে, নুর উদ্দিন চৌধুরী নয়ন ও তাঁর স্ত্রী বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মডেল টাউনে অবস্থান করছেন বলে জানা গেছে।
তবে এসব অভিযোগের বিষয়ে আদালতের কোনো চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁরা আইনগতভাবে নির্দোষ বলে বিবেচিত হবেন।


