সবাইকে ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, দেশের প্রয়োজনে মানুষকে নিয়ে নতুন করে বাংলাদেশ গড়ে তুলতে হবে।
শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি রেস্তোরাঁয় লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
পানিসম্পদমন্ত্রী বলেন, ‘আজ আমরা নতুনভাবে নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছি। এ যাত্রাকে অনেক দূর নিয়ে যেতে হবে এবং কঠিন পরিস্থিতি মোকাবিলা করেই লক্ষ্যবিন্দুতে পৌঁছাতে হবে। দল-মত-নির্বিশেষে আমরা সবাই চেষ্টা করব দেশের গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে।’
বিগত ১৭-১৮ বছরের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিক লড়াই শেষে আজ দেশে আবার স্বাভাবিক জীবন ফিরে এসেছে। এ পরিবেশ ধরে রাখতে হবে। এতোদিন রাজনৈতিক যুদ্ধ করেছি, এখন আমাদের নিজেদের জীবনযুদ্ধে জয়ী হতে হবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ওপর আস্থা রেখে মন্ত্রী বলেন, ‘সারাদেশে যেভাবে কাজ শুরু হয়েছে, তাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি ও তাঁর পরিবার দেশের জন্য সবসময় ত্যাগ স্বীকার করেছেন। বর্তমান সরকারের নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব।’
নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে এ্যানি আরও বলেন, ‘অনেক সময় একেকজন একেক ইস্যুতে কথা বলে দেশের ক্ষতি করে ফেলে। তাই প্রতিটি পদক্ষেপ আমাদের অনেক চিন্তাভাবনা করে নিতে হবে, যাতে ঐক্য বিনষ্ট না হয়।’
লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমানসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


