মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে (ফাইনাল) অংশ নিতে যাচ্ছেন লক্ষ্মীপুরের শিক্ষার্থী ফাতেমা-তুল জান্নাত। আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে (কেএলসিসি) তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ফাতেমা-তুল জান্নাত লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ (ভাইস প্রিন্সিপাল) হেলাল উদ্দিন মাহমুদের মেয়ে।
আয়োজক সূত্রে জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশের বাছাইকৃত মেধাবী শিক্ষার্থীরা কুয়ালালামপুরের এই চূড়ান্ত আসরে অংশ নেবেন। সেখানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে প্রতিযোগিতা করবেন জান্নাত।
আন্তর্জাতিক এই মঞ্চে লক্ষ্মীপুরের একজন শিক্ষার্থীর অংশগ্রহণের খবরে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, চূড়ান্ত পর্বে ভালো ফলাফলের লক্ষ্যে জান্নাত নিয়মিত প্রস্তুতি নিচ্ছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


