লক্ষ্মীপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামের টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিদ্যুৎ মিটারের প্রসঙ্গ তুলে এক সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নেওয়ার ওই দৃশ্য ছড়িয়ে পড়ার পর স্থানীয় গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ ও আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিদ্যুৎ মিটারের বিষয়ে কথা বলার একপর্যায়ে সেবাগ্রহীতার কাছে পাঁচ হাজার টাকা দাবি করছেন উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলাম। এ সময় পাশে থাকা আরেক কর্মচারীকে আরও ৯ হাজার টাকা দেওয়ার কথা বলতেও তাঁকে শোনা যায়। পরে দরকষাকষির একপর্যায়ে ওই সেবাগ্রহীতার কাছ থেকে তিন হাজার টাকা গ্রহণ করেন তিনি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের সেবা নিতে গিয়ে এ ধরনের আর্থিক লেনদেন অনিয়ম ও দুর্নীতির চিত্রই ফুটিয়ে তুলছে।
তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলাম বলেন, ‘ভিডিওটি প্রায় আট মাস আগের। চলতি বছরের ৭ এপ্রিল এক গ্রাহক অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ নিয়ে আমার কাছে আসেন। ওই গ্রাহক ব্যাংকে বিল জমা দেওয়ার জন্য আমাকে ৩ হাজার টাকা দেন। পরে আমার পাশের এক কর্মচারীর মাধ্যমে লক্ষ্মীপুরের রূপালী ব্যাংকে ওই টাকা জমা দেওয়া হয়। ব্যাংক জমার স্লিপও আমার কাছে রয়েছে।’
খাইরুল ইসলাম আরও বলেন, ‘গ্রাহক আমাকে বলেছিলেন, “স্যার, এই টাকাটা আপনি ব্যাংকে জমা দেন।” আমি আমার পাশের স্টাফের মাধ্যমে টাকাটি ব্যাংকে জমা দিয়েছি। পরে ওই গ্রাহক অফিসে এসে আমার স্টাফের কাছ থেকে স্লিপটি নিয়ে যান।’
ভিডিও ধারণের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে এই প্রকৌশলী দাবি করেন, তাঁকে হয়রানি করার উদ্দেশ্যে কেউ ভিডিওটি ধারণ করে এতদিন নিজেদের কাছে রেখেছিল। সম্প্রতি তাঁর কাছে চাঁদা বা অর্থ দাবি করা হলেও তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এরপরই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় গ্রাহক ও সচেতন ব্যক্তিরা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটনের পাশাপাশি অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


