নানা সমস্যায় ধুঁকছে লক্ষ্মীপুরের ১৬৯টি কমিউনিটি ক্লিনিক ও ৩৫টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। পর্যাপ্ত ওষুধ সরবরাহ না থাকায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার সাধারণ মানুষ। এতে বিশেষ করে দরিদ্র ও অসহায় রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর সূত্রে জানা যায়, রায়পুরসহ জেলার ছয়টি উপজেলায় ৩৫টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ১৬৯টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এসব কেন্দ্র থেকে জ্বর, সর্দি, কাশি, আঘাতজনিত ব্যথা, বিভিন্ন সংক্রামক রোগ, প্রসূতি সেবা ও জন্মনিয়ন্ত্রণসহ নানা ধরনের চিকিৎসাসেবা পাওয়ার কথা গ্রামবাসীর। কিন্তু ২০২৪ সাল থেকে স্বাস্থ্য বিভাগ থেকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ কমে গেছে। ফলে চাহিদা অনুযায়ী ওষুধ ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ করা সম্ভব হচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব চিকিৎসাকেন্দ্রে সাধারণত ২৫ থেকে ২৭ ধরনের ওষুধ সরকারিভাবে সরবরাহ করা হয়। কিন্তু গত দুই বছর ধরে তা প্রায় বন্ধ রয়েছে। সম্প্রতি কিছু বড়ি ও কনডম পাওয়া গেলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম।
সরেজমিনে রায়পুরের কেরোয়া, চরবংশী ও বামনী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং সদর উপজেলার দালালবাজার ও হামছাদি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ কয়েকটি কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখা যায়, সেখানে সেবা নিতে আসা রোগীর সংখ্যা বেশ কম। স্থানীয় বাসিন্দারা জানান, কেন্দ্রগুলোতে পর্যাপ্ত ওষুধ পাওয়া যায় না জেনেই মানুষ আর আসতে চান না। বাধ্য হয়ে তাদের বেশি খরচ করে বাইরে চিকিৎসা নিতে হচ্ছে।
কেরোয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আসা নয়াহাট গ্রামের কহিনুর বেগম ও রোকসানা আক্তার বলেন, ‘এখানে আসার পর দেখি চিকিৎসক নেই। ভিজিটর সুফিয়া বেগম কিছু বড়ি দিয়েছেন, তবে প্রয়োজনীয় অন্য কোনো ওষুধ পাইনি। বাধ্য হয়ে এসব ওষুধ বাজার থেকে কিনতে হবে।’
ক্ষোভ প্রকাশ করে আরেক রোগী রহিমা বেগম বলেন, ‘একজন চিকিৎসক থাকলেও তিনি মাঝে মাঝে আসেন। ভিজিটর আপার সাদা কাগজের প্রেসক্রিপশন নিয়ে কী করব, ওষুধ তো পাই না। ওষুধ কেনার মতো টাকাও আমার কাছে নেই।’
কেরোয়া ইউনিয়ন কেন্দ্রের ভিজিটর (স্বাস্থ্য পরিদর্শিকা) সুফিয়া বেগম ও সদর কেন্দ্রের ভিজিটর সুমি রানী বলেন, ‘ওষুধ সরবরাহ নেই বললেই চলে। জুন মাসে সামান্য কিছু বড়ি ও কনডম পেয়েছিলাম, সেটাও শেষ হয়ে গেছে।’
রায়পুরের বামনী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে কোনো চিকিৎসক বা ভিজিটর উপস্থিত নেই। কেবল একজন আয়া আছেন, যিনি জ্বরজনিত চিকিৎসায় একটি সিরাপ ভেঙে তিনজন শিশুকে ভাগ করে দিচ্ছেন। কেন্দ্রটিতে অন্য কোনো ওষুধ নেই বললেই চলে। এমনকি জন্মনিয়ন্ত্রণ সামগ্রীরও তীব্র সংকট রয়েছে।
রায়পুরের কাপিলাতুলি এলাকার বাসিন্দা মাহফুল আলম ও হাফিজ উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে তারা স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোতে ওষুধ পাচ্ছেন না। ফলে সামান্য চিকিৎসার জন্যও তাদের উপজেলা সদর অথবা জেলা সদরে যেতে হচ্ছে।
ওষুধ সংকটের সত্যতা স্বীকার করে লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. মো. বাহারুল আলম বলেন, ‘পর্যাপ্ত ওষুধ সরবরাহ না থাকায় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোর সেবা ব্যাহত হচ্ছে এবং স্থানীয়রা চিকিৎসাবঞ্চিত হচ্ছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে।’
লক্ষ্মীপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক নাজমুল হাসান জানান, দীর্ঘদিন ওষুধ সরবরাহ বন্ধ থাকার পর জুন মাসে কিছু সামগ্রী পাওয়া গিয়েছিল, যা দিয়ে কোনোমতে কার্যক্রম চালানো হচ্ছে। চিকিৎসকসহ জনবল ও ওষুধ সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।


