বগুড়ার কাহালুর কাজীপাড়ায় দুই ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এ তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
বগুড়ায় বিয়ের গেটে বকশিশ নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ
নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান। তিনি মাছ ব্যবসায়ী ছিলেন।
নিহত অন্য তিনজন পিকআপের চালক, হেলপার ও আরেক মাছ ব্যবসায়ী। তাদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। একই সঙ্গে নিহত চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
কাহালু থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ময়মনসিংহ থেকে একটি পিকআপে করে মাছ নিয়ে নওগাঁ গিয়েছিলেন ব্যবসায়ীরা। মাছ বিক্রি শেষে ফেরার পথে কাজিপাড়া এলাকায় একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক, হেলপার ও দুই মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়।
ওসি আরও বলেন, নিহত লুৎফর রহমানের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। অন্য তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


