পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চকালে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর গুলি চালানো হয়েছে। এতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। এসময় তার এক পায়ে গুলি লেগেছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাঞ্জাবের ওয়াজিরাবাদ শহরে এ ঘটনা ঘটে।
পিটিআই মুখপাত্র ফাওয়াদ চৌধুরীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
ঘটনার পরপরই দেশটির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, হামলায় সিনেটর ফয়সাল জাভেদ ও আহমেদ চট্টাসহ তিনজন আহত হয়েছেন।
আরও পড়ুন- পুলিশ কর্মকর্তাদের সময়ের আগে অবসরে পাঠানোর কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
এদিকে পিটিআই নেতা ইমরান ইসমাইল দাবি করেছেন, ইমরান খানের পায়ে ‘তিন থেকে চারবার’ গুলি করা হয়েছে।
তিনি জানান, হামলার সময় তিনি ইমরান খানের পাশে ছিলেন। এসময় ফয়সাল জাভেদও আহত হয়েছেন এবং ইমরানের পায়ে তিন থেকে চারটি গুলি লেগেছে। আক্রমণকারী সরাসরি কন্টেইনারের সামনে ছিল এবং একটি একে-৪৭ দিয়ে গুলি চালাচ্ছিল।
এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে জানানো হয়, হামলায় আহত ইমরান খানকে অন্য একটি গাড়িতে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাঞ্জাব পুলিশের একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে। তবে ইমরান খানের অবস্থা আশঙ্কাজনক নয়।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, ইসলামাবাদ অভিমুখে পিটিআই’র লংমার্চের সপ্তম দিনে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। হামলায় ইমরান ছাড়াও আরও চার-পাঁচজন পিটিআই নেতা আহত হয়েছেন। তাদের মধ্যে ফয়সাল জাভেদ অন্যতম।
পাকিস্তানের বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের ফুটেজে দেখা যায়, পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় আহত ইমরান খানকে তার নিরাপত্তা দলের সহায়তায় একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
পিটিআই কর্মী-সমর্থকরা এই ঘটনাকে হত্যাচেষ্টা বলে অভিহিত করেছেন। তাদের মতে, অল্পের জন্য প্রাণে গেছেন ইমরান খান।
আরও পড়ুন- বন্ধ্যাত্ব সমস্যার মোকাবিলা করার কিছু উপায়
পিটিআই’র লংমার্চে গুলির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ ঘটনায় পুলিশ মহাপরিদর্শক এবং পাঞ্জাবের মুখ্য সচিবের কাছে অবিলম্বে রিপোর্ট চাওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহকে নির্দেশ দিয়েছেন তিনি।
ইমরান খান আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভী। এক টুইটে এমন সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি লিখেছেন, সাহসী ইমরান খানের ওপর ঘৃণ্য হত্যাচেষ্টা চালানো হয়েছে। আল্লাহকে ধন্যবাদ জানাই, তিনি আশঙ্কামুক্ত আছেন। তার পায়ে কয়েকটি গুলি লেগেছে। আশা করি, সেগুলো গুরুতর নয়।
প্রসঙ্গত, আগাম নির্বাচনের দাবিতে ‘হাকিকি আজাদি’ আন্দোলন শুরু করেছে ইমরান খানের দল পিটিআই। গত ২৮ অক্টোবর থেকে লাহোর থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু হয়। লাখো সমর্থক নিয়ে শুরু হওয়া লংমার্চের নেতৃত্ব দিচ্ছেন ইমরান খান।



