রাজধানীর রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে ২০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৩ এপ্রিল) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালতে শামসুজ্জামানের পক্ষে আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন।
গত ৩০ মার্চ পুলিশের আবেদনের প্রেক্ষিতে শামসুজ্জামানকে কারাগারে পাঠান আদালত। সেদিন তার জামিন আবেদন নাকচ করা হয়।
এর আগেরদিন ২৯ মার্চ মশিউর মালেক নামে এক আইনজীবী বাদী হয়ে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী এক ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।
আরও পড়ুন- রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা
ওইদিন রাতেই শামসুজ্জামানকে এ মামলায় গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ। যদিও এর প্রায় ২ দিন আগে শামসুজ্জামানকে তার সাভারের বাসা থেকে তুলে আনে সিআইডি। জিজ্ঞাসাবাদের পর ২৯ মার্চ মধ্যরাতে তাকে রাজধানীর একটি সড়কে ছেড়ে দেওয়া হয়। এর পরপরই রমনা থানা পুলিশ তাকে সেখান থেকে গ্রেপ্তার করে। এ মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান রবিবার উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।
উল্লেখ্য, গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত একটি খবর নিয়ে বিতর্ক তৈরি হয়। ওই খবরের একটি উদ্ধৃতি সংযুক্ত করে বানানো ছবি-কার্ডে মহান স্বাধীনতাকে কটাক্ষ করা হয়েছে বলে অভিযোগ তোলে সরকার ও সরকার দলীয় লোকজন। ওই সংবাদে ক্ষুব্ধ হয়েই ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি করেন আইনজীবী মশিউর মালেক।




