গত ৩ অক্টোবর প্রথমবারের মতো শ্বশুর হয়েছেন বাংলা সঙ্গীত জগতের রাজপুত্র আসিফ আকবর। নিজের বড় ছেলে শাফকাত আসিফ রণকে বিয়ে করিয়েছেন গোপালগঞ্জের মেয়ে ইসমত শেহরীন ঈশিতার সঙ্গে। ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের সঙ্গীতাঙ্গনের নামকরা তারকারা। কিন্তু সেখানে দেখা যায়নি জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ বেগমকে।
এ নিয়ে মঙ্গলবার (৪ অক্টোবর) বিকালের দিকে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন মমতাজ। সেখানে তিনি লেখেন, হায়রে রাজনীতি!!!! আজকে যদি এম,পি না হইতাম তাহলে একটা বিয়ের দাওয়াত খেতে পারতাম!
আরও পড়ুন- আসিফের ছেলের বিয়েতে তারার মেলা
মমতাজের এই স্ট্যাটাস মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। নেট দুনিয়ার মানুষ বুঝে নেয় এই স্ট্যাটাসে তিনি কাকে ইঙ্গিত করেছেন। অন্যদের মতো বুঝতে বাকি থাকেনি শিল্পী আসিফ আকবরেরও। তাই সেই পোস্টের কমেন্টসে মমতাজের কাছে ক্ষমাও চেয়েছেন আসিফ।
কমেন্টসে আসিফ লিখেছেন, ‘প্রিয় মম ( মমতাজ এমপি)। তুমি আমি সেরা পারিবারিক বন্ধু, এখানে কোনদিনই রাজনীতি প্রবেশের সুযোগ নেই। মাত্র চারদিন সময় পেয়েছি ছেলের বিয়ের জন্য। সবকিছুই হুট করে হয়ে গেছে। তোমাকে কন্টাক্ট করার মত সরাসরি যোগাযোগের ব্যবস্থা আমার কাছে নাই। তবে তোমাকে মন থেকে ফিল করেছি। আমি তোমার সবসময়ের বন্ধু। একদিন সময় দাও বাচ্চাদের সহ, আমরা বাসায় তোমার সারাজীবন দাওয়াত। কষ্ট নিও না বন্ধু, ভুল হলে ক্ষমা চাই। নিশ্চয়ই দ্রুত আমাদের দেখা হবে। ভালবাসা অবিরাম বন্ধু। আমার ব্যক্তিগত সম্পর্কে রাজনীতির কোন চান্সই নেই, এবং তুমি সেটা জানো’




