লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ধরা পড়া ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ নিলামে ১০ হাজার ৫৫০ টাকায় বিক্রি হয়েছে। বড় আকারের হওয়ায় মাছটি ঘিরে ঘাটে উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।
সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে কমলনগর উপজেলার কালকিনি ইউনিয়নের মতিরহাট ঘাটে মাছটি নিলামে তোলা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছ ব্যবসায়ী মো. রিয়াজ বেপারি ১০ হাজার ৫৫০ টাকায় ইলিশটি কিনে নেন।
ঘাটের সারু মিয়ার মৎস্য আড়তের আড়তদার মো. খোকন জানান, স্থানীয় জেলে মনু মাঝি ও তাঁর সহযোগীরা মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে অন্যান্য ইলিশের সঙ্গে বড় আকৃতির এই মাছটি পান। পরে সেটি আড়তে নিয়ে আসা হলে উপস্থিত ব্যবসায়ীদের অংশগ্রহণে নিলামের আয়োজন করা হয়। এতে সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন রিয়াজ বেপারি।
ক্রেতা মো. রিয়াজ বেপারি বলেন, বড় আকৃতির ইলিশের চাহিদা বেশি থাকায় নিলামে অংশ নিয়ে মাছটি কিনেছেন। মাছটি বিক্রির জন্য চাঁদপুরে পাঠানো হবে। সেখানে বড় ইলিশের ভালো বাজার রয়েছে। তাঁর আশা, প্রতি কেজি প্রায় ৬ হাজার টাকা দরে মাছটি বিক্রি করা সম্ভব হবে।
কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য শাহা বলেন, বর্তমানে মেঘনা নদীতে ইলিশের সরবরাহ তুলনামূলক কম। যে মাছ ধরা পড়ছে, তার বেশির ভাগের ওজন ৩০০ থেকে ৫০০ গ্রাম। এ কারণে বড় আকৃতির ইলিশের চাহিদা ও দাম—দুটোই বেশি। তবে আগামী মাসে নদীতে ইলিশের উৎপাদন আরও বাড়বে বলে আশা করছেন তিনি।


