দেশে জনপদের পর জনপদে মানুষ হত্যার মহাযজ্ঞ যেন থামছেই না। সন্তানহারা পিতা-মাতা, স্বামী হারা স্ত্রী ও পিতাহারা সন্তানদের আহাজারিতে প্রতিদিনই আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “দেশব্যাপী বিএনপি নেতা-কর্মীদের হত্যার মাধ্যমে হাত রক্তে রঞ্জিত করে বাংলাদেশকে এখন গোরস্থানে পরিণত করেছে বর্তমান আওয়ামী লীগ সরকার।”
আজ বুধবার (২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি এসব কথা বলেন মির্জা ফখরুল।
আরও পড়ুন- ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু
তিনি বলেন, “দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল-বিএনপির নেতা-কর্মীদের হত্যা করে ত্রাস সৃষ্টির মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা কব্জায় রাখাই এখন আওয়ামী রাজনীতির প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে। এই সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করার মিশন নিয়ে কাজ করছে। বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে হত্যার উদ্দেশ্যই হলো মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা; যাতে কেউ সরকারের বিরুদ্ধে টু শব্দ করার সাহস না পায়।”
মির্জা ফখরুল বলেন, “রক্তপাত ঘটিয়ে জীবন কেড়ে নিয়ে ভীতি সৃষ্টি করে আর ক্ষমতায় টিকে থাকা যাবে না। জনগণ আর বসে থাকবে না, দুঃশাসন মোকাবিলায় সরকারের রক্তপাত কর্মসূচিকে সম্মিলিত শক্তি দিয়ে জনগণ প্রতিহত করবে। আমি সলিমুল্লাহ লাভলুকে হত্যাকারী আওয়ামী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি। নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকে কাতর পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ”
বিএনপি মহাসচিব বলেন, “আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি এখন সন্ত্রাসীদের আখড়ায় পরিণত হয়েছে। আওয়ামী সন্ত্রাসীরা সবসময় রক্ত ঝরানোর নেশায় উন্মাদ হয়ে থাকে। বর্তমান শাসকগোষ্ঠীর পৃষ্ঠপোষকতায় এই দলের সন্ত্রাসীরা দেশকে হত্যা, দখল, হাঙ্গামা, রক্তারক্তি ও খুনোখুনীতে ডুবিয়ে দিয়েছে।”
আরও পড়ুন- মুসকিল লীগ থেকে বেকার সমাজঃ নিবন্ধন চায় ৮০ দল
দেশে এখন জবাবদিহিতাহীন নির্মম দুঃশাসন বিরাজমান বলেই সন্ত্রাসীদের বেপরোয়া দৌরাত্ম্য চলছে। বিচারহীনতার কারণেই সন্ত্রাসীরা রক্তাক্ত সহিংসতা ঘটাতে উৎসাহিত হচ্ছে। দেশে ন্যায় বিচার পাওয়ার আশা এখন দুঃস্বপ্ন। তবে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধে শীঘ্রই বর্তমান শাসকগোষ্ঠীর রাজসিংহাসন কর্পুরের মতো উড়ে যাবে।
বিবৃতিতে আরও বলা হয়, গতরাতে চাঁদপুর জেলাধীন মতলব উত্তর উপজেলার ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার সলিমুল্লাহ লাভলুকে দুস্কৃতিকারিরা নির্মমভাবে হত্যা করেছে। এ ছাড়া, বরিশাল দক্ষিণ জেলাধীন বানারীপাড়া থানা এলাকায় বিএনপির লিফলেট বিতরণকালে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে অর্ধশতাধিক নেতা-কর্মীকে গুরুতর আহত করে। এসব পৈশাচিক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল অবিলম্বে বানারীপাড়ায় বিএনপি’র লিফলেট বিতরণকালে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান। তিনি আহত নেতা-কর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন।



