মা-ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকার করায় সাত জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযানে আড়াই লাখ মিটারের বেশি কারেন্ট জাল এবং ২৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মাতাব্বর হাট থেকে মতিরহাট সংলগ্ন মেঘনা নদীতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশ অমান্য করে নদীতে ইলিশ শিকারের অভিযোগে ১১টি নৌকা ঘিরে ফেলে আভিযানিক দল। পরে সংশ্লিষ্ট অপরাধীদের আটক করা হয় এবং নৌকাগুলো থেকে কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী আটক হওয়া সাতজন জেলেকে ৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হুসাইন।
অভিযানে উদ্ধার হওয়া মোট ২ লাখ ৪০ হাজার (২.৪০ লাখ) মিটার কারেন্ট জাল পরবর্তীতে বিনষ্ট করা হয়। এছাড়া জব্দকৃত ২৫ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
অভিযান পরিচালনকারী সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হুসাইন জানান, ইলিশের প্রজনন সুরক্ষায় সরকারঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে রয়েছে। ইলিশ সম্পদ রক্ষায় ও জনস্বার্থে মেঘনা নদীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


