রাত পোহালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য কাজ করছে জেলা পুলিশ। সে অনুযায়ী পুলিশ, র্যাব, আনসার ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ হাজার ৮০০ জনকে নিয়োজিত করা হয়েছে। তাদের তদারকির কাজ করছে ২৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মাঠে ভোট কেন্দ্রে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীকে ব্রিফিং করেন পুলিশ সুপার মো. আবু তারেক।
লক্ষ্মীপুরে চারটি আসনের ৪৯৬টি ভোট কেন্দ্রে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
পুলিশ সুপার জানান, চারটি আসনে ৪৯৬টি ভোট কেন্দ্রের মধ্যে অর্ধেক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সে অনুপাতে কাজ করা হচ্ছে। পাশাপাশি প্রত্যেকটি কেন্দ্রে ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদে ভোট দিতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের মব বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি হতে না পারে সেদিকে কঠোর নজর রাখতে হবে। সবার আশা একটি উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হওয়া।
তিনি জানান, লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনে বিএনপি-জামায়াতসহ ২৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ১৬ লাখ ৩৭ হাজার ৯শ ৫৬জন।



