সাম্রাজ্যবাদী অপতৎপরতা, চরম দক্ষিণপন্থী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ ও বাজার সিন্ডিকেট ভেঙে দিতে ‘রুখো আমিরিকা, রুখো বিএনপি জামাত’ এই স্লোগানে আগামী ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পনের দিনের কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
মঙ্গলবার (২৯ আগস্ট) দলটির পলিটব্যুরোর সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয় বলে ওয়ার্কার্স পার্টির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তি অনুযায়ী ওয়ার্কার্স পার্টির কর্মসূচি হলো- ১৫ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ইউনিয়ন/ওয়ার্ড পর্যায়ে, ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলা/থানা পর্যায়ে এবং ৩০ সেপ্টেম্বর জেলায় একই সাথে প্রচারপত্র বিলি, সমাবেশ বিক্ষোভ ও লাল পতাকা মিছিল। প্রতিটি ইউনিট তাদের স্ব স্ব এলাকার জরুরি দাবিসমূহ এর সাথে যুক্ত করে সামনে আনতেও বলা হয়েছে। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে এ সকল কর্মসূচিতে অংশ নিতেও বলা হয়।
আরও পড়ুন- রামগড়ে বিজিবি-বিএসএফ সমন্বয় বৈঠক
সভায় হত্যা-হামলা-খুন-অপহরণ, বিশেষ করে শিশু-নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানানো হয়েছে।
পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননের সভাপতিত্বে রাজধানীর তোপখানা রোডের কার্যালয়ে অনুষ্ঠিত পলিটব্যুরোর সভায় অংশ নেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরার সদস্যবৃন্দ কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড নুর আহমদ বকুল, কমরেড কামরূল আহসান, কমরেড আমিনুল ইসলাম গোলাপ, কমরেড মুস্তফা লুৎফুল্লাহ, কমরেড অধ্যাপক নজরুল ইসলাম হক্কানী, কমরেড হাজী বশিরুল আলম, কমরেড অধ্যাপক নজরুল হক নীলু, কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান প্রমুখ।



