কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বঙ্গসোনাহাট স্থলবন্দর দিয়ে মোটরসাইকেলযোগে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৩ ভারতীয় কিশোরকে রবিবার (১১ জুন) দুপুরে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সোনাহাট ক্যাম্পের একটি টহল দল। পরে বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। আটকৃতরা পেশায় রাজ মিস্ত্রি। তারা ভুলে বাংলাদেশে ঢুকে পড়েছে বলে বিজিবির জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
আটককৃত তিন কিশোর হলো, ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার ধুবরী সদর থানার তিস্তাপাড়া এলাকার শাসসুর রহমানের ছেলে আমিনুর রহমান (১৬), শহর আলীর ছেলে নুর ইসলাম (১৬) এবং আশকান আলীর ছেলে ইসমাইল হোসেন (১৫)।
আরও পড়ুন- ৬ ভাইকে পিকআপ ভ্যান চাপায় হত্যা, চালকের আমৃত্যু কারাদণ্ড
বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার (১১ জুন) দুপুরে বঙ্গসোনাহাট স্থলবন্দরে শূন্য রেখার আন্তর্জাতিক সীমানা পিলার ১০০৯ এর ভারতীয় অংশের সোনাহাট স্থলবন্দরে একটি গেট খোলা থাকায় ওই ৩ কিশোর মোটরসাইকেল নিয়ে সরাসরি বাংলাদেশে প্রবেশ করে। এসময় স্থলবন্দরের চেকপোস্টে টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে সোনাহাট ক্যাম্পে নিয়ে আসে। পরে বিকাল সাড়ে তিনটার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের নিকট আটক তিনজন কিশোরকে হস্তান্তর করা হয়।
পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন আসামের গোলকগঞ্জ থানার সোনাহাট বিএসএফের সহকারী কমিশনার পুনেক কুমার কৌশিক। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ানের সোনাহাট ক্যাম্পের নায়েক সুবেদার গোলাম রাব্বানী।
নায়েক সুবেদার গোলাম রাব্বানী জানান, আমরা ভারতীয় সোনহাট বিএসএফ ক্যাম্পকে বন্দরের চেকপোস্টে আরও সতর্ক হতে আহবান জানিয়েছি। যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে।
এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটক ভারতীয় কিশোররা ভুল করে বাংলাদেশে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।



