দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নতুন করে ২ লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কিনতে ৮ হাজার ৭১১ কোটি টাকার প্রকল্প চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে এক সভায় এ প্রকল্প প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানান, নতুন ইভিএম কেনা, মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য এ প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮৭১১ কোটি টাকা। প্রকল্পে ২ লাখ ইভিএম কেনার প্রস্তাব করা হয়েছে। এছাড়া অন্যান্য ব্যয় ধরা হয়েছে।
নির্বাচন কমিশনার মোঃ আলমগীর বলেন, আমরা কমিশন অনুমোদন করেছি। একনেকে এটির চূড়ান্ত অনুমোদনের জন্য দ্রুত পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। তার আগে জনবল সংক্রান্ত একটি বৈঠক করা হবে অর্থমন্ত্রণালয়ের সঙ্গে।
প্রসঙ্গত, নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পরপরই গত আগস্টে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসে। এতে ২২টি রাজনৈতিক দল ইভিএম নিয়ে মতামত দেয়। যেখানে ৯টি দল ইভিএম ব্যবহারের সরাসরি বিরোধিতা করে। পাঁচটি দল ইভিএম নিয়ে সন্দেহ প্রকাশ করে। কেবল আওয়ামী লীগসহ চারটি দল আগামী নির্বাচনে ইভিএমে ব্যবহারের পক্ষে মত দিয়েছে।
আরও পড়ুন- বাংলাদেশ নারী দলের দুর্দান্ত জয়
পরে রাজনৈতিক দল, সাবেক কমিশনার, বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট অংশীজনের মতামত নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ দেড়শ আসনে ইভিএমের ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়। এরপরই ইভিএম কেনা সংক্রান্ত প্রকল্পে হাত দেয় নির্বাচন কমিশন।
এর আগে এ প্রকল্প পরিচালক কর্নেল সৈয়দ রকিবুল হাসান জানিয়েছিলেন, প্রাথমিকভাবে কমিশনের হাতে আছে দেড় লাখের মতো ইভিএম মেশিন। তাতে ৭০ থেকে ৮০টি আসনে ভোট নেয়া সম্ভব। তবে এরই মধ্যে আরও দুই লাখ ইভিএম কেনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন সচিবালয়। নতুন এ প্রকল্পে একেকটি মেশিনের দাম ধরা হয়েছে দুই লাখ পাঁচ হাজার টাকা।



