লক্ষ্মীপুর সদর উপজেলায় সুপারি পাড়তে রাজি না হওয়ায় রিশাদ (১২) নামের এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রুবেল হোসেন (৩৫) নামের এক ব্যক্তি জড়িত বলে অভিযোগ করেছেন নিহত শিশুটির স্বজনেরা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফতু ব্যাপারি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রিশাদ ওই এলাকার সাহেদ হোসেনের ছেলে। অভিযুক্ত রুবেল একই এলাকার মিলনের ছেলে।
নিহতের স্বজনদের অভিযোগ, রুবেল শিশুটিকে একটি সুপারি গাছে উঠে সুপারি পাড়তে বলেন। রিশাদ এতে রাজি না হওয়ায় রুবেল ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি ছুরি দিয়ে রিশাদের পেটে একাধিকবার আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় রিশাদকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তাঁর মৃত্যু হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) শামীম আফজাল বলেন, রিশাদ নামের এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফারবেজ বলেন, শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।


