লক্ষ্মীপুরের রায়পুরে দিনের বেলায় একই পরিবারের মা ও তিন মেয়েকে নৃশংসভাবে হত্যাসহ একাধিক আলোচিত অপরাধের ঘটনার পরিপ্রেক্ষিতে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে শাহীন মিয়ার স্থলাভিষিক্ত করা হয়েছে রায়পুর থানার সাবেক ও নোয়াখালীর কবিরহাট থানার ওসি নিজাম উদ্দিনকে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রশাসনিক সিদ্ধান্তের অংশ হিসেবে এই বদলির আদেশ কার্যকর করা হয়েছে। তবে এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।
গত ২৫ জুন সকাল ১০টায় রায়পুরে মা ও তিন মেয়েকে নির্মমভাবে হত্যার ঘটনা দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। এছাড়া ওই মামলার প্রধান অভিযুক্ত অন্তর মজুমদারের গণপিটুনিতে মৃত্যু, পৃথক ঘটনায় মাদক কারবারিদের হামলায় আহত এক ব্যবসায়ীর ১৮ দিন পর মৃত্যু এবং গত তিন মাসে মোট ৯টি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এসব ঘটনার পর স্থানীয়দের মধ্যে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদারের দাবি ওঠে। এরই মধ্যে থানার নেতৃত্বে এই পরিবর্তন আনা হলো।
নতুন ওসি নিজাম উদ্দিন বৃহস্পতিবার সকালে রায়পুর থানায় দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি অপরাধ দমন, চলমান গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্তে গতি আনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার (এসপি) আবু তারেক বলেন, “রায়পুর থানার ওসি শাহীন মিয়াকে প্রত্যাহার নয়, বরং বদলি করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নিজাম উদ্দিনকে। এটি একটি নিয়মিত বদলি প্রক্রিয়া।”


