বিনা টিকিটে ভ্রমণের দায়ে ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ১৬৫ যাত্রীকে জরিমানা ও ধূমপায়ী যাত্রীদের কাছে থাকা সিগারাট জব্দ করা হয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) ভোররাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার অভিযান চালিয়ে টিকিট না থাকায় তাদেরকে এই জরিমানা করেন।
অভিযান শেষে অসীম কুমার তালুকদার নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন- বন্ধ গণপরিবহন, দুর্ভোগে বাগেরহাটের মানুষ
তিনি জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে যাত্রা শুরুর পর ট্রেনে প্রচুর ভিড় দেখা যায়। রাজশাহী আসার পথে শুক্রবার ভোররাতে তিনি বিনা টিকিটের যাত্রী ধরতে অভিযান শুরু করেন।
এ সময় ট্রেনে ১৬৫ জন বিনা টিকিটের যাত্রী শনাক্ত করা হয়। তাদের কাছ থেকে জরিমানা ও টিকিটের মূল্য বাবদ ৫৭ হাজার ৭৪০ টাকা আদায় করা হয়েছে।
তিনি আরো জানান, ট্রেনে ধূমপানের ব্যাপারেও অভিযান চালানো হয়েছে। বেশকিছু প্যাকেট সিগারেট জব্দ করে ধ্বংস করা হয়েছে।



