গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

জাতীয় নির্বাচন ঘিরে দেশে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক

জে এম আলী নয়ন
February 11, 2026 3:39 pm
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ec election জাতীয় সংসদ নির্বাচন সংসদ নির্বাচন ভোট ইসি

    —— প্রতীকী ছবি

Link Copied!

আগামীকাল ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একইদিন জুলাই জাতীয় সনদের ওপর হতে যাচ্ছে গণভোটও। জুলাই অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচন ও গণভোট ঘিরে পুরো বিশ্বের নজর এখন বাংলাদেশের দিকে। নির্বাচন পর্যবেক্ষণ করতে ইতোমধ্যে দেশে এসেছেন ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং ১৯৭ জন বিদেশি সাংবাদিক।

বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় নিশ্চিত করা হয়েছে এ তথ্য।

এতে জানানো হয়, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে ৮০ জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, ২৩৯ জন দ্বিপাক্ষিক দেশ থেকে আগত (যাদের মধ্যে স্বতন্ত্র ইউরোপীয় পর্যবেক্ষকরাও রয়েছেন) এবং ৫১ জন বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।

এবারের নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। পরিসংখ্যান বলছে, এর আগে দ্বাদশ জাতীয় নির্বাচনে ১৫৮ জন, একাদশ নির্বাচনে ১২৫ জন এবং দশম জাতীয় নির্বাচনে মাত্র চারজন আন্তর্জাতিক পর্যবেক্ষক উপস্থিত ছিলেন।

যেসব সংস্থা পর্যবেক্ষক পাঠিয়েছে তাদের মধ্যে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) থেকে ২৮ জন, কমনওয়েলথ সচিবালয় থেকে ২৭ জন এবং যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে ১৯ জন পর্যবেক্ষক এসেছেন। এছাড়া, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই), অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি), ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিস (আইসিএপিপি) এবং ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিস থেকেও পর্যবেক্ষক পাঠানো হয়েছে।

সেইসঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও ২১টি দেশ থেকে আসছেন পর্যবেক্ষকরা। এর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হলো— পাকিস্তান (৮), ভুটান (২), শ্রীলঙ্কা (১১), নেপাল (১), ইন্দোনেশিয়া (৩), ফিলিপাইন (২), মালয়েশিয়া (৬), জর্ডান (২), তুরস্ক (১৩), ইরান (৩), জর্জিয়া (২), রাশিয়া (২), চীন (৩), জাপান (৪), দক্ষিণ কোরিয়া (২), কিরগিজস্তান (২), উজবেকিস্তান (২), দক্ষিণ আফ্রিকা (২) এবং নাইজেরিয়া (৪)।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভয়েস ফর জাস্টিস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, এসএনএএস আফ্রিকা, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন এবং পোলিশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মতো সংস্থার ৫১ জন পর্যবেক্ষক ব্যক্তিগতভাবে নির্বাচন দেখবেন।

বিশ্ব সম্প্রদায়ের আস্থার প্রতিফলন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সফরের সমন্বয়ে সহায়তাকারী সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ বলেন, ‘বিভিন্ন দেশ ও সংস্থার পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর সাড়ায় আমরা অভিভূত। এটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রতি বিশ্ব সম্প্রদায়ের আস্থার প্রতিফলন।’ 

তিনি আরও যোগ করেন যে, পর্যবেক্ষকদের উচ্চ যোগ্যতা ও অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অত্যন্ত আশ্বস্তকর।

বাংলাদেশের নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে অংশ নিচ্ছেন বিশ্বনেতারাও। এ তালিকায় আছেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দো, ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের সাবেক রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল এবং যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সাবেক সরকারি ডেপুটি চিফ হুইপ লর্ড রিচার্ড নিউবি। এছাড়া মালয়েশিয়া ও ইরানের উচ্চপদস্থ প্রতিনিধিরাও তালিকায় রয়েছেন।

উল্লেখ্য, এবারের সংসদীয় আসনগুলোতে ৫০টিরও বেশি রাজনৈতিক দলের স্বতন্ত্র প্রার্থীসহ ২ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ নির্বাচনের পাশাপাশি একই দিনে জুলাই জাতীয় সনদের ওপর গণভোটও অনুষ্ঠিত হবে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ