আওয়ামী লীগের ওপর মানুষের আস্থা রয়েছে বলেই তিনবার ভোট দিয়ে নির্বাচিত করেছে; এবং আগের ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করবে বলে জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, কিন্তু যারা সন্ত্রাসী, খুনি, জনগণের অর্থ লুটপাটকারী, বোমা-গ্রেনেডহামলাকারী ও অর্থপাচারকারী- জনগণ তাদের বিশ্বাস করে না, ভোটও দেবে না।
শুক্রবার (২৮ অক্টোবর) আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি এসব কথা বলেন।
বিএনপির চলমান আন্দোলন-সমাবেশ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বিএনপি আজ আন্দোলন করতে পারছে। কিন্তু বিএনপির যারা খুনের সঙ্গে জড়িত, অগ্নিসন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে জড়িত তাদের ধরতে হবে, কোনো ছাড় নেই।
আরও পড়ুন- গাইবান্ধা-৫ উপনির্বাচন, তদন্ত প্রতিবেদন ইসিতে
সভায় আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম সম্মেলনের সিদ্ধান্ত হয়। যথাসম্ভব ব্যয় কমিয়ে এ সম্মেলন আয়োজনের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের আসন্ন সম্মেলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক সংকটের কারণে ২২তম জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিকতায় ব্যয় কমাতে হবে। তাই খরচ কমানোর জন্য আয়োজন হবে সাদামাটা।
সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় কমিটির সদস্যরা। বিকাল সাড়ে ৪টায় সভা শুরু হয়।




