বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনোয়ার হোসেনকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। সচিব পদে পদোন্নতির পর তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
একইসঙ্গে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। রফিকুল ইসলাম সচিব পদমর্যাদায় পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহীর দায়িত্বে ছিলেন।
প্রায় আট মাস দায়িত্ব পালন শেষে গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) অবসরে যান কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ. ম. কবিরুল ইসলাম। ১১তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা গত ডিসেম্বরে এই দায়িত্বে এসেছিলেন।
অন্যদিকে পানি সম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোকাব্বির হোসেন। তিনি এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্বে ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক।



