অন্তর্বর্তী সরকার গঠনের পর দ্বিতীয়বারের মতো সচিবালয়ে গিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন তিনি। এসময় সচিবালয় ও আশপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা।
সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ের নবনির্মিত ২০তলা ভবনে (১ নম্বর ভবনে) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে অন্য উপদেষ্টারাও উপস্থিত রয়েছেন।
সরেজমিনে আজ সকালে সচিবালয় ঘুরে দেখা গেছে, সকাল থেকেই এক নম্বর ভবনের কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্যদের এ ভবনের আশপাশে যেতে দেওয়া হচ্ছে না। ভবনটি ঘিরে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। নতুন নির্মিত এক নম্বর ভবনের সামনে বসানো হয়েছে আর্চওয়ে।
এর আগে গত বছরের ২০ নভেম্বর অধ্যাপক ইউনূস প্রথমবার সচিবালয়ে এসেছিলেন। সে সময় উপদেষ্টা পরিষদের বৈঠকটি হয়েছিল সচিবালয়ের ছয় নম্বর ভবনে অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের পুরোনো সভাকক্ষে। এবার মন্ত্রিপরিষদ বিভাগের নতুন নিজস্ব ভবনে বৈঠক হতে যাচ্ছে। এ ভবনটি সচিবালয়ের প্রেসক্লাব সংলগ্ন গেটের পাশে অবস্থিত।
ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছরের ৮ আগস্ট শপথ গ্রহণ করে। এরপর থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়ে আসছিল, কারণ ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রীর কার্যালয় ব্যবহারের উপযোগী ছিল না।
আগে সাধারণত মন্ত্রিসভার বৈঠক হতো সচিবালয়ের পুরোনো ১ নম্বর ভবনের চতুর্থতলায়। ২০১৮ সালে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষিত হওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হতে থাকে। পরে সচিবালয়ের ছয় নম্বর ভবনের ১৩ তলায় একটি সভাকক্ষ তৈরি করা হলেও সেটি আকারে ছোট হওয়ায় তেমন ব্যবহার হতো না।
সম্প্রতি সচিবালয়ের প্রেসক্লাব সংলগ্ন ফটকের পাশে ১ নম্বর নতুন ভবনটির নির্মাণকাজ শেষ হওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগের কার্যক্রম সেখানেই চলছে। এর ধারাবাহিকতায় আজ প্রথমবারের মতো সেখানে উপদেষ্টা পরিষদের বৈঠক বসছে।



