দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মনিটরিংয়ে নেমেছে লক্ষ্মীপুর বণিক সমিতি। রোববার (১১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর বাজারের বিভিন্ন স্থানে মনিটরিংয়ে যান সমিতির নেতারা।
এসময় নেতৃবৃন্দ কাঁচামাল, মাছ, মাংস, আলু, পেঁয়াজ, রসুন, মসলাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ও তালিকা যাচাই করেন। ব্যবসায়ীদের আহ্বান জানান ‘অতিরিক্ত মূল্যে জিনিসপত্র বিক্রি না করার।’ এছাড়া হুসিয়ারি দেন, অযথা পণ্যের দাম না বাড়ানোর।
এদিকে বণিক সমিতির এই মনিটরিংয়ের প্রভাব পড়ে বাজারেও। নেতাদের তৎপরতায় মূল্য তো বাড়েনি, বরং স্বস্তি ফিরেছে বাজারে। ভোক্তাদের দাবী, বণিক সমিতি যদি ঘন ঘন বাজার মনিটরিং করে পণ্যের দাম আরও কমে আসবে।
বাজার মনিটরিংয়ের সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) আবদুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক শাকের মোহাম্মদ রাসেল, বণিক সমিতির সদস্য জাকির হোসেন, লোকমান হোসেনসহ আরও অনেকে।

