গাইবান্ধার গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুক ও টিকটকে আপত্তিকর ভিডিও আপলোড করায় সোহেল রানা নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সোহেল রানা গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিড়াডাঙ্গা গ্রামের ময়নুল ইসলামের ছেলে।
বুধবার (১৬ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে অনলাইন প্লাটফর্ম টিকটকে কটুক্তিপূর্ণ মন্তব্য করা অভিযোগে কিশোরকে গ্রেফতার করা হয়।’
বাদী ও পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার (১৪ আগস্ট) ওই কিশোর তার নিজস্ব মোবাইল ফোনের মাধ্যমে নিজস্ব ফেসবুক ও টিকটক আইডি থেকে বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর বক্তব্য, অশ্লীল ভাষা প্রয়োগ এবং কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করে একটি ভিডিও আপলোড করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
আরও পড়ুন- উলিপুরে মাদরাসায় নিয়োগের আবেদন জমা নিতে গড়িমসি
উক্ত বিষয়টি গোবিন্দগঞ্জ পৌরসভা কাউন্সিলর এবং পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আকন্দের নজরে এলে তিনি বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
তাৎক্ষণিকভাবে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুল আলম শাহ এর নেতৃত্বে এসআই প্রলয় কুমার বর্মা, এএসআই মাসুদ রানা বিশেষ অভিযান পরিচালনা করে মহিমাগঞ্জ এলাকা থেকে ১৫ আগস্ট গভীর রাতে সোহেল রানাকে গ্রেফতার করেছে ।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব শামসুল আলম শাহ ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে অনলাইন প্লাটফর্ম টিকটকে কটুক্তিপূর্ণ মন্তব্যকারীকে গ্রেফতার করা হয়েছে।’



