আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ধান, সিদ্ধ চাল এবং গম কিনবে সরকার। প্রতি কেজি বোরো ধানের দাম ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা এবং গমের দাম ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এ মূল্য নির্ধারণ করা হয়।
প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা এবং গম ৩৫ টাকা।
আরও পড়ুন- শহীদ মিনারে ডা. জাফরুল্লাহকে শ্রদ্ধা জানানো হবে, দুপুরে জনাজা
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সভায় অংশ নেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। সভায় মন্ত্রিপরিষদ সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
২০২৩ সালে বোরো মৌসুমে ৪ লাখ টন ধান, ১২ লাখ ৫০ হাজার টন সিদ্ধ চাল এবং ১ লাখ টন গম সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ৭ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান, চাল ও গম সংগ্রহ করা হবে।
এর আগে ২০২২ সালে বোরো সংগ্রহ মৌসুমে ধান ২৭ টাকা, সিদ্ধ চাল ৪০ টাকা এবং গম ২৮ টাকা দরে সংগ্রহ করা হয়েছিল।



