রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে হাতিরঝিল পুলিশ। তার নাম নিয়াজ মোরশেদ নাদিম (২০)।
আজ মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর হাতিরঝিলে এলাকার ওয়াপদা রোড রামপুরার ১৫০/এ নম্বরের বাসা থেকে নাদিমের মরদেহ উদ্ধার করা হয়।
নাদিম রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভারসিটির বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র। তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার কাঁটাবুনিয়া গ্রামের জসীমউদ্দীন হাফিজের ছেলে।
আরও পড়ুন- নিয়ামতপুরে ব্র্যাকের উদ্যোগে বাল্যবিয়ায় প্রতিরোধ সমন্বয় সভা অনুষ্ঠিত
হাতিরঝিল থানার এসআই মিনহাজ জানান, আনুমানিক সকাল সাড়ে ৮টা থেকে ১১টার মধ্যে নিজের লুঙ্গি সিলিং ফ্যানের সাথে পেঁচিয়ে নাদিম আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। ভার্সিটিতে যাওয়ার জন্য তার মা দরজায় নক করলে কোনো সাড়া দেননি। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিক হাতিরঝিল থানায় সংবাদ দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা পৌনে ৬টায় নাদিমকে মৃত ঘোষণা করেন।
তার মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। তিনি কী কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।



