আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না, আমরা ভেসে আসিনি বলে মন্তব্য করে বিএনপির উদ্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন- অতীতের সব আন্দোলনে শেখ হাসিনার পক্ষে মুখ্য ভূমিকা রেখেছে যুবলীগ। বিএনপিকে মোকাবিলায় এবার প্রয়োজনে যুদ্ধে অবতীর্ণ হবো। যেখানে বিএনপি-জামায়াত, সেখানেই মোকাবিলা করবে যুবলীগ। ১০ ডিসেম্বর শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে চান, দেখা যাবে। আমরা রাজপথে থাকবো।
সোমবার (৩১ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুব মহাসমাবেশের প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। ১১ নভেম্বর যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দীর যুব মহাসমাবেশ সফল করতে এ সভার আয়োজন করা হয়।
আরও পড়ুন- মেয়র রুবেল ভাটসহ ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে মানববন্ধন
শেখ ফজলে শামস পরশ বলেছেন, জামায়াত-শিবির ছাড়া বিএনপি আন্দোলন করতে পারে না। এখন তাদের নিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে তারা। তারা নখদন্তহীন বাঘে পরিণত হয়েছে। এবার সরকারের বিরুদ্ধে মাঠে নামলে গণধোলাই খাবে।
তিনি বলেন, নেত্রী কেন এ যুব সমাবেশ করতে বলেছেন, সেটি সময় হলে বুঝতে পারবেন। আমাদের রাজপথে শক্তি প্রদর্শন করতে হবে। ঐক্যবদ্ধভাবে সমাবেশে অংশ নিতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ যুবলীগের নেতারা। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এ সভায় অংশ নেন।
যুব মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ তথ্য জানিয়ে যুবলীগ চেয়ারম্যান বলেন, নেত্রী কেন এই যুব সমাবেশ করতে বলেছেন, সেটি সময় হলে বুঝতে পারবেন। আমাদের রাজপথে শক্তি প্রদর্শন করতে হবে। ঐক্যবদ্ধভাবে সমাবেশে অংশ নিতে হবে।



