রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তিনি তার পরিচয় পত্র পেশ করেন।
পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন হাই কমিশনার প্রণয় ভার্মা। এ সময় তার দেশের সরকার ও জনগণের পক্ষ থেকে রাষ্ট্রপতিতে উষ্ণ অভিনন্দন জানান।
হাই কমিশনার বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সম্প্রসারিত ও শক্তিশালী করার জন্য কাজ করতে তার প্রচেষ্টা থাকবে।’ ভারত-বাংলাদেশ সম্পর্কের পূর্ণ সম্ভাবনাকে অনুধাবন করতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অভিমত প্রকাশ করেন তিনি।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, ভারতের নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু।
আরও পড়ুন- মদনে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য ভারতের সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন, সেই থেকেই বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে।
রাষ্ট্রপতি আশা করেন, ভারতের নতুন হাইকমিশনারের দায়িত্ব পালনকালে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। বর্তমান প্রেক্ষাপটে বৈশ্বিক সমস্যা বিশেষ করে করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় আন্তঃদেশীয় সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও ভারত এ পরিস্থিতি থেকে উত্তরণে বিভিন্ন ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করবে।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম এবং সচিব সংযুক্ত রাষ্ট্রপতির কার্যালয় মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।



