ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণ এবং নগদবিহীন লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে লক্ষ্মীপুরে বাংলা কিউআর-ভিত্তিক ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন করেছে পূবালী ব্যাংক পিএলসি।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পূবালী ব্যাংক পিএলসি, লক্ষ্মীপুর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা ফিতা কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনের আগে শহরের উত্তর স্টেশন এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ব্যাংক প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে ব্যাংকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, লক্ষ্মীপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক আকবর হোসেন। সভা সঞ্চালনা করেন ব্যাংকের জুনিয়র অফিসার মো. ফয়সাল ইসলাম।
সভায় প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক ও নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের প্রধান মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড–এর ভাইস প্রেসিডেন্ট মো. মুক্তার আহম্মদ ভূঁইয়া এবং পূবালী ব্যাংকের নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র অফিসার (এডিসি) মো. মনির হোসেন।
বক্তারা বলেন, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে একই কিউআর কোড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে দ্রুত, সহজ ও নিরাপদে আর্থিক লেনদেন করা সম্ভব। এতে ব্যবসায়ী ও গ্রাহক উভয়েরই সময় ও খরচ সাশ্রয় হবে। পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করতে নগদবিহীন লেনদেনের বিস্তারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, গ্রাহক, সুশীল সমাজের সদস্য এবং পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


