লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চর আবদুল্লাহ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে গত ৩০ মে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত ‘১ম পুনর্মিলনী-২০২৬’। শিক্ষার্থী পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি পরিণত হয় প্রজন্মের মিলনমেলা, স্মৃতিচারণ এবং ভবিষ্যৎ পথচলার এক অনন্য আয়োজনে।
প্রতিষ্ঠার দীর্ঘ সময় পর একই ছাদের নিচে একত্রিত হন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। ১৯৯৫ থেকে ২০২৬ ব্যাচ পর্যন্ত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনে প্রাণের সঞ্চার হয়। অনুষ্ঠানে ছিল স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, কৃতি শিক্ষার্থীদের সাফল্যের গল্প শোনানো এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
পুনর্মিলনী উপলক্ষে প্রতিষ্ঠানের বিদায়ী ও প্রয়াত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। একইসঙ্গে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা কৃতি শিক্ষার্থীদেরও সম্মাননা জানানো হয়। বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ তার প্রাক্তন শিক্ষার্থীরা। তাদের পারস্পরিক বন্ধন, সহযোগিতা এবং প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন, চর আবদুল্লাহ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবদুল হাকিম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবদুল বাকী, আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আব্বাস সুমন, চ্যানেল ২৪-এর অনুসন্ধানী সাংবাদিক মো. মাহতাব উদ্দিন মিনহাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষ পর্বে ২০০৩ ব্যাচের শিক্ষার্থী মো. নুরুল আমিন রাজু’র তত্ত্বাবধানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ও হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (ইংরেজি) আবদুল ওয়ারেছ পাভেল, গোলাম কিবরিয়া মিরাজ এবং জাফর ইকবাল মিঠু।


