লক্ষ্মীপুর জেলা শহরের অন্যতম প্রাচীন ও ধর্মীয় ঐতিহ্যের ধারক উত্তর তেমুহনী লিল্লাহ জামে মসজিদের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে বিশিষ্ট সমাজসেবক লুৎফর রহমান কাজলকে সভাপতি এবং শরিফুল ইসলাম ভূঁইয়াকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
আজ শুক্রবার বাদ জুমা মসজিদ প্রাঙ্গণে মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সর্বসম্মতিক্রমে ৩ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন—সভাপতি লুৎফর রহমান কাজল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ভূঁইয়া এবং কোষাধ্যক্ষ জাকির হোসেন হাফেজ। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, মসজিদের প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজ গতিশীল করার লক্ষ্যে এই ছোট ও শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। খুব দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও সভায় জানানো হয়।
উত্তর তেমুহনী লিল্লাহ জামে মসজিদটি দীর্ঘকাল ধরে লক্ষ্মীপুর সদর পৌরসভার ধর্মপ্রাণ মানুষের মিলনস্থল হিসেবে পরিচিত। নবনির্বাচিত সভাপতি লুৎফর রহমান কাজল বলেন, “এই মসজিদটি আমাদের এলাকার ঐতিহ্যের প্রতীক। আমরা মসজিদের পবিত্রতা রক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে মুসল্লিদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমরা এই পবিত্র দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ভূঁইয়া জানান, মসজিদের আয়-ব্যয়ের স্বচ্ছতা ও সেবার মান বাড়িয়ে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখাই হবে নতুন কমিটির প্রধান লক্ষ্য।
এদিকে নতুন কমিটি গঠনের খবরে স্থানীয় মুসল্লিদের মধ্যে স্বস্তি ও উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানাচ্ছেন। তারা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে মসজিদের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো দ্রুত সম্পন্ন হবে।


