লক্ষ্মীপুরের রায়পুরে মো. রতন (২৮) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের গাজিনগর বাজারে এই ঘটনা ঘটে। পুলিশের দাবি, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
নিহত রতন চরপাতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বোয়াডার বাজার এলাকার রাড়ী বাড়ির দিনমজুর মনির হোসেনের ছেলে। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে বৃষ্টির মধ্যে গাজিনগর বাজারে চরপাতা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী বিল্লাল কবিরাজের নির্বাচনী পোস্টার লাগাতে যান রতন। তাঁর সঙ্গে গ্রাম পুলিশ জসিম, বিএনপি কর্মী মো. রুবেল ও মো. রাশেদ ছিলেন। রাত ১২টার দিকে পরিবারের কাছে মুঠোফোনে খবর আসে, পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে রতন মারা গেছেন।
রতনকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী বিল্লাল কবিরাজ কোনো মন্তব্য করতে রাজি হননি।
রায়পুর সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জান্নাত আক্তার বলেন, ‘রতনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। তাঁর শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কোনো আলামত পাওয়া যায়নি, এমনকি আঘাতের চিহ্নও ছিল না। শুধু তাঁর নাক দিয়ে রক্ত ঝরছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। ঘটনাটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা না কি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। বুধবার বিকেলে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


