নরসিংদীর রায়পুরায় ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাঁটুভাঙ্গা রেলগেটসংলগ্ন ভাই ভাই স্টোরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যার কারণ ও জড়িতদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নিহত রফিকুল ইসলাম মুন্সি ওই এলাকার সাহারাজ খলিফার ছেলে। তিনি নিজের দোকানে টাইলস, স্যানেটারি ও হার্ডওয়্যার সামগ্রীর ব্যবসা করতেন। দোকানটি তার বাড়ি থেকে প্রায় পাঁচ মিনিটের হাঁটার দূরত্বে অবস্থিত।
পরিবারের সদস্যরা জানান, রফিকুল ইসলাম প্রতিদিন রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে দোকান বন্ধ করে বাড়ি ফিরতেন। তবে শনিবার রাত ১০টার পরও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তাকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে তারা দোকানে গিয়ে দেখেন শাটার নামানো থাকলেও তালাবদ্ধ ছিল না। দোকানের ভেতরে প্রবেশ করে তারা রক্তাক্ত অবস্থায় রফিকুলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় পরিবারের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থলজুড়ে রক্তের দাগ ছড়িয়ে ছিল।
স্থানীয়রা জানান, ঘটনার সময় আশপাশের অধিকাংশ দোকান বন্ধ ছিল এবং পুরো এলাকা ছিল প্রায় নির্জন। এছাড়া ওই সময় বিদ্যুৎ না থাকায় কেউ ঘটনাটি টের পাননি।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, কী কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কিংবা কারা জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

