লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের পূর্ব সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকে ঘিরে দীর্ঘদিনের বিরোধে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দাতা পক্ষের উত্তরসুরীদের দাবি করা ১২ শতাংশ জমিতে বাঁশের বেড়া দেওয়ায় নতুন ভবন নির্মাণ কাজ বাধাগ্রস্ত হচ্ছে। তবে সংশ্লিষ্ট ওয়ারিশরা বলছেন, তাদের জমি ছাড়া অন্য জায়গায় ভবন নির্মাণে কোনো বাধা নেই।
এ অবস্থায় মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মাঠে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন ও আলোচনা সভা করেন। তারা দ্রুত সমস্যা সমাধান করে নতুন ভবন নির্মাণের দাবি জানান।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, মোট ৫০ শতাংশ জমি থাকলেও রেকর্ডভুক্ত রয়েছে ৪২ শতাংশ এবং বর্তমানে বিদ্যালয়ের দখলে আছে প্রায় ১৭ শতাংশ জমি। জমি সংক্রান্ত বিরোধের কারণে প্রায় তিন বছর ধরে ভবন নির্মাণ কাজ বন্ধ রয়েছে। চলতি বছর ২ কোটি ২০ লাখ টাকার নতুন প্রকল্প অনুমোদন পেলেও জটিলতায় কাজ শুরু করা যাচ্ছে না।
এদিকে, জরাজীর্ণ ভবনে ঝুঁকির মধ্যে চলছে পাঠদান। অবকাঠামোগত সংকটে শিক্ষার্থীর সংখ্যাও কমছে বলে জানিয়েছেন শিক্ষকরা।
এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায়, বিরোধপূর্ণ ১২ শতাংশ জমি নিয়ে উভয় পক্ষকে নিয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

