লক্ষ্মীপুর পৌর শহরে ১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার দক্ষিণ স্টেশন এলাকার এসআর সড়ক থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ এলাকার নুর ইসলামের ছেলে মো. সাহেদ (২৮) এবং নোয়াখালীর সুধারাম থানার মো. সিরাজের ছেলে মো. মুন্না (২৯)। ডিএনসি জানায়, আটক সাহেদ এলাকায় মাদকের ডিলার হিসেবে পরিচিত এবং তাঁর বিরুদ্ধে আগের সাতটি মাদক মামলা রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লক্ষ্মীপুর কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাহেদ চট্টগ্রাম থেকে মাদক এনে লক্ষ্মীপুরে পাইকারি বিক্রি করছেন। এমন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় দক্ষিণ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে সাহেদ ও মুন্নাকে আটক করা হয়। এ সময় তাঁদের তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।
সানোয়ার হোসেন আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


