লক্ষ্মীপুরে জ্বালানি তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা ও মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার (২৪ মার্চ) জেলা প্রশাসন, লক্ষ্মীপুর–এর উদ্যোগে মজু চৌধুরীর হাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে লাইসেন্স ছাড়া জ্বালানি তেল বিক্রি এবং বিক্রয় রেজিস্ট্রার সংরক্ষণ না করার প্রমাণ পাওয়ায় পেট্রোলিয়াম আইন অনুযায়ী একটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিনে লক্ষ্মীপুর বাস টার্মিনাল এলাকায় পৃথক আরেকটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। সেখানে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়ায় সড়ক পরিবহন আইনে একটি পরিবহন সার্ভিসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পরিবহন সংশ্লিষ্টদের সরকার নির্ধারিত ভাড়ায় টিকিট বিক্রি এবং অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা, জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণ এবং পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


