লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী বেশ কিছু প্রতিশ্রুতি ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। দলের নাম ভাঙিয়ে কোনো ব্যক্তি অপরাধ করার সুযোগ পাবে না। সরকার থেকে যা পাবেন, জনগণও তাই পাবেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র ঈদুল ফিতর–২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে অসহায় ও দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা হিসেবে বরাদ্দকৃত অর্থ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া।
অনুষ্ঠান শেষে এমপির উপস্থিতিতে উপজেলা পরিষদের সামনে লন্ডন ভিলায় বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে আবুল খায়ের ভুঁইয়া বলেন, “আমি সরকার থেকে যা পাব, আপনাদেরও তাই দেওয়া হবে। আপনারা যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রী আপনাদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন।”
তিনি জানান, এদিন ৩০০ পরিবারের মাঝে দুই হাজার টাকা করে মোট ৬ লাখ টাকা বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য পরিবারগুলোকেও সহায়তা প্রদান করা হবে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর স্বল্প সময়ের মধ্যেই প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম, যার আওতায় দেশের সব পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে।
খায়ের ভুঁইয়া বলেন, “যারা সামর্থ্যবান তারা এই কার্ড থেকে কোনো অর্থ নেবেন না, আর যারা গরিব তারা এই সুবিধা পাবেন। তবে সবারই ফ্যামিলি কার্ড থাকবে।”
এছাড়া কৃষকদের জন্য আলাদা কার্ড ও সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।
মেঘনার চরের সরকারি খাস জমি দলিল অনুযায়ী বণ্টন করা হবে। এ জন্য কমিটি গঠন করা হবে।
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে। কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, ওসি শাহিন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভুঁইয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক ডাক্তার নুরে আলম মুকুল, আনিসুল হক, বিএনপি নেতা শফিকুল আলম আলমাস এবং অ্যাডভোকেট এমরান হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ ও সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


