চার মাসের কন্যাসন্তানকে রেখে জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমিয়েছিলেন লক্ষ্মীপুরের তরুণ তাজউদ্দিন ইসলাম। পরিবারে অসুস্থ বাবা, চার বোন আর ছোট্ট শিশুকন্যার ভবিষ্যৎ ভেবে আট মাস আগে প্রায় চার লাখ টাকা খরচ করে মালদ্বীপে গিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—স্বপ্ন পূরণের আগেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিভে গেল তার জীবনপ্রদীপ। একই ঘটনায় আরও চার বাংলাদেশির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণকাজের সাইটের গেস্টহাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের আলাদাদপুর গ্রামের বাসিন্দা তাজউদ্দিন ইসলাম (২৫) রয়েছেন। তিনি ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।
নিহতের খালাতো ভাই আব্দুল খালেক শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাজউদ্দিন চার বোনের একমাত্র ভাই ছিলেন। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে ভালো আয়ের আশায় তিনি বিদেশে যান। দেশে রেখে গিয়েছিলেন স্ত্রী ও চার মাস বয়সী একটি কন্যাসন্তান।
আব্দুল খালেক বলেন, “গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আমার ভাই মারা গেছে। পরিবারের অবস্থা এখন খুবই করুণ। তার বাবা কিডনি রোগে আক্রান্ত। সংসারের বড় ভরসা ছিল তাজ।”
গণমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণকাজের সাইটের গেস্টহাউসে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর গেস্টহাউসের ভেতর থেকে সাত বাংলাদেশিকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়।
তাজউদ্দিনের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে তার পরিবার। ছোট্ট কন্যাসন্তান, অসুস্থ বাবা ও শোকাহত স্বজনদের রেখে তাজউদ্দিনের এমন অকাল মৃত্যু এলাকাবাসীকেও গভীরভাবে মর্মাহত করেছে।


