শেরপুরের নকলায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক শিশু নিহত হয়েছে। একই দুর্ঘটনায় ওই শিশুর বাবা-মাসহ পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পাইস্কা বাইপাস মোড়ে ঢাকা-শেরপুর মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম শুভ্রজিত। তার বয়ষ মাত্র ৯ মাস। আহতরা হলেন, শুভ্রজিতের বাবা প্রসনজিৎ (৩৩), তার স্ত্রী তন্ত্রা (২২), অটোরিকশা চালক বাবলা (৩৫), ইমরান ও সেতু।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি ময়মনসিংহ থেকে ছেড়ে আসে। তিন চাকার যানটি নকলার পাইস্কা বাইপাস মোড়ে এসে পৌঁছালে শেরপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সিয়াম পরিবহণের একটি বাস সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। আহত হয় সিএনজি অটোরিকশাতে থাকা সবাই। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু শুভ্রজিতকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের অবস্থার আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নকলা থানার ওসি হাবিবুর রহমান বলেন, ‘ঘাতক বাস ও সিএনজি অটোরিকশাটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’





